উপ সম্পাদকীয় বার্তা— ড. চৌধুরী আবদুল হালিম
ইতিহাস কখনো নিঃশব্দ থাকে না—সে কখনো গান হয়ে ফিরে আসে, কখনো কাঁদে কবিতার শব্দে, আবার কখনো দাঁড়িয়ে যায় রাজপথের স্লোগানে। বাংলাদেশের ইতিহাসও তেমনই—রক্ত, ত্যাগ ও স্বপ্নের এক অবিরাম প্রবাহ।
একাত্তর ছিল স্বাধীনতার জন্মক্ষণ, যখন একটি জাতি অস্তিত্ব রক্ষার জন্য রক্তে রাঙা পথে হেঁটেছিল। আর চব্বিশের জুলাই ছিল এক নতুন জাগরণ—যেখানে তরুণেরা অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আবারও রাজপথে দাঁড়িয়েছিল সাহস, কণ্ঠ ও আত্মত্যাগ নিয়ে।
দুই সময়, দুই প্রজন্ম, দুই আন্দোলন—কিন্তু একটিই চেতনা: ন্যায়, মর্যাদা ও মুক্তির আকাঙ্ক্ষা। প্রশ্ন হলো—এই চেতনাকে আমরা কি কেবল ইতিহাসের পাতায় রেখে দেব, নাকি তাকে জীবন্ত করে তুলব আমাদের সংস্কৃতি, শিক্ষা ও দৈনন্দিন জীবনে?
একাত্তরের দিনগুলো আজও বাংলাদেশের বাতাসে ভেসে বেড়ায়—গান হয়ে, কবিতা হয়ে, স্মৃতির ভারে। কিন্তু জুলাইয়ের দিনগুলো যেন এখনো অস্থির, অসম্পূর্ণ, অনির্ধারিত এক ইতিহাস। সেখানে আছে রক্তের দাগ, আছে মায়ের কান্না, আছে আহত তরুণের নিঃশব্দ চোখ, আর আছে এক অদম্য প্রতিবাদের আগুন।
রাজপথে দাঁড়িয়ে থাকা সেই তরুণদের চোখে ছিলনা ক্ষমতার লোভ, ছিল শুধু একটি প্রশ্ন—“আমরা কি মানুষ নই?” সেই প্রশ্নই আজ ইতিহাসের দরজায় কড়া নাড়ে।
তবুও প্রশ্ন থেকে যায়—এই আগুন কি আমরা ধরে রাখতে পেরেছি? নাকি তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে স্মৃতির ভিড়ে?
এই চেতনা বাঁচিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হতে পারে সংস্কৃতি। কারণ সংস্কৃতি কেবল শিল্প নয়—এটি জাতির হৃদয়ের ভাষা। এটি এমন এক আয়না, যেখানে সমাজ নিজের সত্যকে দেখে, নিজের ভুলকে চিনে, আর ভবিষ্যতের পথ খুঁজে নেয়।
জুলাই চেতনা প্রজ্বোলিত রাখতে সাংস্কৃতিক আন্দোলন-
শহীদের স্মৃতি, জাতির দায়:
শহীদদের নাম শুধু ফলকে লেখা থাকলে তারা অমর হন না; তারা অমর হন যখন তাদের গল্প মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। জুলাইয়ে নির্মম হত্যাকান্ড, ধ্বংসযজ্ঞ তুলে ধরে স্মারক প্রদর্শনী, আলোকচিত্র, ডকুমেন্টারি ও স্মরণসভা, বরাবরই চালু রাখতে হবে যাতে এসব নতুন প্রজন্মকে প্রশ্ন করতে শেখায়—এই ত্যাগের মূল্য আমরা কতটা রাখছি?
উদ্দেশ্য: শহীদদের আত্মত্যাগকে কেবল স্মৃতিতে নয়, জাতির নৈতিক বিবেক হিসেবে প্রতিষ্ঠা করা।
বৈষম্যের বিরুদ্ধে শিল্পের প্রতিবাদ:
একটি গান কখনো কখনো একটি আন্দোলনের চেয়েও শক্তিশালী হয়। একটি নাটকের সংলাপ কখনো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়।
গান, সিনেমা, নাটক,পথনাটক, কবিতা, দেয়ালচিত্র/ গ্র্যাফিতি , লোকসংগীত, গণসঙ্গীত যদি অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে কথা বলে, তবে তা কেবল শিল্প থাকে না—তা হয়ে ওঠে পরিবর্তনের ভাষা।তাই বছর -ব্যাপি এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে জাগিয়ে রাখতে হবে।
উদ্দেশ্য: বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ভাষায় সচেতনতা তৈরি করা।
ক্যাম্পাসে নতুন চিন্তার আলো:
বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রির জায়গা নয়; এটি প্রশ্ন করার জায়গা, দ্বন্দ্বের জায়গা, আলোচনার জায়গা।
যদি ক্যাম্পাসে তরুণেরা “ভিন্নমত শোনা” শেখে, তবে তারা ভবিষ্যতে বিভাজন নয়—সমঝোতা গড়তে শিখবে। তাই এই প্রজন্মকেই ভিন্নমত শোনার মানসিকতা সৃষ্টির আবহ সৃষ্টি করতে হবে আবার ভিন্ন প্রকাশ করতে গিয়ে অন্যের মৌলিক অধিকারে যাতে হস্তক্ষেপ না আসে তাও নিশ্চিত করতে হবে।
উদ্দেশ্য: সহনশীল, যুক্তিনিষ্ঠ ও গণতান্ত্রিক মানসিকতার নাগরিক গড়ে তোলা।
ডিজিটাল যুগে সত্যের সংগ্রাম:
আজকের যুদ্ধ আর শুধু রাজপথে নয়—এটি স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায়, তথ্যের ভিড়ে।
গুজবের বিরুদ্ধে সত্য, বিভ্রান্তির বিরুদ্ধে তথ্য—এই লড়াইয়ে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য বিতর্ক প্রতিযোগিতা, সত্য তথ্য প্রকাশ, মিথ্যা তথ্য পরিহার করার প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে।
উদ্দেশ্য: ডিজিটাল প্ল্যাটফর্মে সত্যভিত্তিক সচেতনতা ও দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলা।
প্রান্তিক মানুষের গল্প—অন্য ইতিহাস:
যারা ইতিহাস লেখে না, তারাই ইতিহাসের সবচেয়ে বড় অংশ। শ্রমিকের ঘাম, গ্রামের নারীর কষ্ট, পাহাড়ের মানুষের নীরব সংগ্রাম—এইসব গল্প ছাড়া কোনো আন্দোলন পূর্ণতা পায় না। জুলাই আন্দোলনে এদের ভূমিকা ছিল চোখে পড়ার মত। এদের অবদান বিভিন্ন মাধ্যমে তুলে ধরা, এদেরকে মেইন স্ট্রীমে কথা বলার পরিবশ দিতে হবে।
উদ্দেশ্য: আন্দোলনকে শহুরে কেন্দ্র থেকে বের করে জাতীয় মানুষের আন্দোলনে রূপ দেওয়া।
শিল্প যখন প্রতিবাদ হয়ে ওঠে:
কার্টুনের রেখা, নাটকের সংলাপ, শর্টফিল্মের দৃশ্য—সবই হয়ে উঠতে পারে ক্ষমতার বিরুদ্ধে নীরব অথচ গভীর প্রতিবাদ। পৃথিবীর বিখ্যাত সফল আন্দোলন এবং আন্দোলন উত্তর বিশ্বাস দৃঢ় করতে বিষয় ভিত্তিক নাটক, শর্টফ্লিম, সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশেও স্বাধীনতা যুদ্ধে, যুদ্ধেত্তর পরিবেশে নাটক, সিনেমা চেতনা ধারনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তেমনি জুলাই আন্দোলনের চেতনাকে আম জনতার মাঝে ছড়িয়ে দিতে আন্দোলন কেন্দ্রীক নাটক, সিমেমা, সর্টফ্লিম, পরিকল্পিতভাবে বানাতে হবে।
উদ্দেশ্য: জুলাই আন্দোলন সম্পর্কে জানা এবং ভয় নয়, সৃজনশীল প্রতিবাদের মাধ্যমে সমাজে প্রশ্ন করার সংস্কৃতি তৈরি করা।
মানুষের জন্য মানুষ—একটি নতুন ঐক্য
দল, মত, রাজনীতি, ধর্ম—সব পরিচয়ের ঊর্ধ্বে একটি পরিচয়: আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
এই বিশ্বাস যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তবে বিভাজনের রাজনীতি হার মানবে।
উদ্দেশ্য: জাতীয় ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করা।
যা রয়ে গেলে চেতনাও হারায়:
দলীয় দখলদারি, ঘৃণার রাজনীতি, ইতিহাস বিকৃতি ও প্রতিশোধের সংস্কৃতি—এই চারটি বিষবৃক্ষ যদি বেড়ে ওঠে, তবে কোনো চেতনাই টিকে না।
শেষ কথা:
চেতনার আগুন নিভে না যাক।
জুলাই চেতনা কেবল একটি সময়ের স্মৃতি নয়—এটি একটি দায়িত্ব, একটি প্রতিজ্ঞা। যদি এই চেতনাকে আমরা সংস্কৃতির ভাষায় বাঁচিয়ে রাখতে পারি, তবে তা শুধু অতীতকে স্মরণ করবে না—ভবিষ্যতকেও পথ দেখাবে।
কারণ ইতিহাস তখনই জীবন্ত হয়, যখন তা মানুষের হৃদয়ে সংস্কৃতির মতো প্রবাহিত হতে থাকে—নিঃশব্দে, গভীরভাবে, অবিরাম।

দৈনিক চট্টগ্রামপোস্ট