ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, খাগড়াছড়ির সঙ্গে বন্ধ যান চলাচল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
রাঙামাটিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, খাগড়াছড়ির সঙ্গে বন্ধ যান চলাচল ছবির ক্যাপশন: রাঙামাটিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, খাগড়াছড়ির সঙ্গে বন্ধ যান চলাচল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে (গঙ্গারাম বাজার) আইন-শৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করছে। এছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে দোকানপাট ও যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌপথে ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, রাঙামাটি-চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সাপছড়ি এলাকার বাসিন্দা ফিজিরিক্কি চাকমা বলেন, সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিশেষ কাজে রাঙামাটি বাজারে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়ি না পাওয়ার কারণে যেতে পারিনি।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল করতেছে। আমাদের বিভিন্ন উপজেলায় সকাল থেকে লঞ্চ যাচ্ছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে। তবে আমাদের লোকজনদের বিভিন্ন এলাকায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনীরা বাধা প্রদান করছে।

রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়ক, ১০ নম্বর এলাকা ও ১৪ কিলো এলাকা সহ সাজেক সড়কের বিভিন্ন এলাকায় অবরোধ পালন করছে অবরোধকারীরা।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত রয়েছে কিন্তু যানবাহন করছে না। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে ছাত্র জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধের ডাক দেয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক