কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর সুলতান আহমেদ কলেজ থেকে নারকেলতলা পর্যন্ত সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বাস্তবায়নাধীন এ উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে উন্নয়ন কাজে সর্বোচ্চ মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নগরবাসীকে টেকসই ও উন্নত সড়ক সুবিধা দিতে চসিক আন্তরিকভাবে কাজ করছে। কোনো ধরনের নিম্নমানের কাজ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ও মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, সুলতান আহমেদ কলেজ থেকে নারকেলতলা পর্যন্ত সড়কটি নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজারো যানবাহন ও সাধারণ মানুষ এ সড়ক ব্যবহার করেন। তাই জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে কার্পেটিং কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, মো. আলী এবং মেয়রের একান্ত সহকারী (রাজনৈতিক) জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট