মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে একটি বসতঘর থেকে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
এসময় অবৈধ অস্ত্র মজুদের সঙ্গে জড়িত এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্যমতে, রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্প থেকে পৃথকভাবে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
পরে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ধানের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা শহর আলীর পুত্র নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদার (৩৬)। পুলিশ জানায়, তিনি উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, নুর মোহাম্মদ একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক চট্টগ্রামপোস্ট