ঢাকা | বঙ্গাব্দ

রামুর কাওয়ারখোপে পরিত্যক্ত বন্দুক ও ধারালো দা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
রামুর কাওয়ারখোপে পরিত্যক্ত বন্দুক ও ধারালো দা উদ্ধার ছবির ক্যাপশন: রামুর কাওয়ারখোপে পরিত্যক্ত বন্দুক ও ধারালো দা উদ্ধার
ad728
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার করেছে র‍্যাব-১৫। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এ তথ্যের সত্যতা যাচাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (দৈর্ঘ্য ৫৩ দশমিক ৫ ইঞ্চি) এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা বা ম্যাচেট (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি) উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্রগুলোর মালিকানা ও সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, “উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-১৫ এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা ও দুর্গম এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার করায় অপরাধীরা বিভিন্ন কৌশলে অস্ত্র লুকিয়ে রাখছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

র‍্যাব জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’