ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহে মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
রাষ্ট্রদ্রোহে মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ড ছবির ক্যাপশন: রাষ্ট্রদ্রোহে মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ড
ad728
এম মনির চৌধুরী রানা 

রাষ্ট্রদ্রোহের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগের কেন্দ্রে রয়েছে জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তা। এজাহারে বলা হয়েছে, ওই বার্তায় ডিসেম্বরে জনগণকে ‘মৌমাছির মতো’ মাঠে নামার কথা উল্লেখ করেন তিনি। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামার প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও লেখেন। বার্তার শেষাংশে বাংলাদেশকে ‘উদ্ধার’ করার কথা বলা হয়।

এর আগে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে হেফাজতে নিয়ে তার দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তও চলছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্ত করছেন। মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস