নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নগরের পাহাড়তলী থানার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত মো. রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকালে তাকে বাসা থেকে কৌশলে ডেকে নেওয়া হয়।
পরে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার তদন্তে জড়িতদের গ্রেপ্তারে নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহান হালিশহর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হালিশহর থানার পোর্ট কানেক্টিং রোডে দোহা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরহানের বাড়ি ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট