মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মশালা শুরু হয়। ‘৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় এলএফজি (LFG) সদস্যরা অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে মুরগি পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সময়মতো টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা ও হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক আতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলা প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম এবং জেলা ভেটেরিনারি কর্মকর্তা মঈনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিজ্ঞানসম্মত উপায়ে হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল করার পাশাপাশি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। এ ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট