মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক সমন্বয় সভা থেকে শিক্ষকদের দীর্ঘ ছয় মাস ধরে বকেয়া থাকা সম্মানী অতি দ্রুত পরিশোধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। বক্তারা আর্থিক কষ্টের মুখেও শিক্ষকদের নিয়মিত শিক্ষাদান অব্যাহত রাখার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন।
আজ, বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজার উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলা ফিল্ড সুপারভাইজার আহসান ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা কেয়ারটেকার খাইরুল ইসলামের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ সামছুল ইসলাম। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন সহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়ন মডেল কেয়ারটেকার— জুবাইদুল হাসান (ভাসাম্যাদম), কামরুল হাসান (গুলশাখালী), নাছির উদ্দিন (মাইনীমুখ), এবং উপজেলার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে শিক্ষকদের আরও উদ্যোগী হতে হবে।
সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সারা বাংলাদেশের শিক্ষকরা প্রায় ছয় মাস যাবৎ তাদের প্রাপ্য সম্মানী পাচ্ছেন না। আর্থিক টানাপোড়েন থাকা সত্ত্বেও শিক্ষকরা তাদের ক্লাসের কার্যক্রম নিয়মিত ও নিষ্ঠার সাথে অব্যাহত রেখেছেন।
বক্তারা শিক্ষকদের এই মহান ত্যাগের কথা তুলে ধরে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো অনুরোধ জানান, যাতে শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা দ্রুততার সাথে প্রদান করা হয় এবং তারা যেন মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেতে পারেন। পরে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট