ঢাকা | বঙ্গাব্দ

শিপইয়ার্ডে গ্যাস দুর্ঘটনা: সন্তানের মুখ দেখা হলো না পলাশের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
শিপইয়ার্ডে গ্যাস দুর্ঘটনা: সন্তানের মুখ দেখা হলো না পলাশের ছবির ক্যাপশন: শিপইয়ার্ডে গ্যাস দুর্ঘটনা: সন্তানের মুখ দেখা হলো না পলাশের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
আট মাস আগে ধুমধাম করে নতুন জীবন শুরু করেন পলাশ দাশ ও ভূমিকা রানী দাস। ছোট্ট সংসারে অল্প আয়ে মা, বাবা, বোন, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে সুখের কমতি ছিল না। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। বেজায় খুশি পরিবারের সবাই। কিন্তু সেই খুশি থমকে গেল শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামক একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে বিষক্রিয়া হয়ে ৯ জন নিহত হন। সেই নিহতের সারিতে আছেন পলাশও।
দুর্ঘটনার স্থান থেকে ২০০ গজ দূরে পলাশ দাশের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির আঙিনায় কাঁদছেন পলাশ দাশের বড় বোন রত্নদানী দাস। ঘরের ভেতর কান্না করছেন তার মা ও প্রতিবেশী। তার পাশে বসে আছেন পলাশের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। কপালের দিকে চোখ পড়তেই দেখা যায় মুছে দেওয়া হয়েছে ভূমিকার সিঁথির সিঁদুর। নিচের দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন ভূমিকা রানী দাস।
পলাশের বড় বোন রত্নারানী দাশ মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ভাইয়ের সুখের সংসার কী হলো? কে দেখবে আমার ভাইয়ের সংসার? বিয়ে করেছে মাত্র ৮ মাস। তার মধ্যে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। মা হার্টের রোগী। প্রতি সপ্তাহে অনেক টাকার ওষুধ কিনতে হয়। কীভাবে সংসার চলবে?
প্রতিবেশীরা বলেন, পলাশের সঙ্গে একই ঘটনায় সানি দাস নামের আরও এক প্রতিবেশী যুবক নিহত হয়েছেন। তারা যদিও সনাতন সম্প্রদায়ের লোক কিন্তু সবার সঙ্গে ছিল ভালো সম্পর্ক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নাম প্রকাশ না করার শর্তে সানি দাসের এক আত্মীয় বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সানি গেটের সামনেই চলে আসে। কিন্তু তাদেরকে বের হতে দেয়নি। ইয়ার্ড কর্তৃপক্ষ জানায় আহতরা সবাই হালকা শরীরে ব্যথা পেয়েছে। পরে জানলাম বিষাক্ত গ্যাসে বিষক্রিয়া হয়ে সবাই আহত হয়েছে। তাৎক্ষণিক তাদেরকে যদি অক্সিজেন দেওয়া যেত তাহলে সবাই বেঁচে যেত। ইয়ার্ড কর্তৃপক্ষের গাফিলতির কারণে এতগুলো তরতাজা প্রাণ দিতে হলো।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ