নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বান্দরবানের পাহাড়ি এলাকায় উৎপত্তি হাঙ্গর খালের। বর্ষা এলেই পাহাড়ি ঢলের বিশাল জলরাশি এই খাল বেয়ে নেমে আসে সমতলে। লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া ও ফরিয়াদিকূল এবং সাতকানিয়ার ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে খালটি ডলু খালের সঙ্গে মিলিত হয়। খালের সেই পানি সাঙ্গু নদীতে গিয়ে পড়ার কথা।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। একসময় পাহাড়ি ঢলের স্বাভাবিক নিষ্কাশন পথ হিসেবে পরিচিত হাঙ্গর খালের শেষ অংশ এখন অনেকটাই অস্তিত্বহীন। কোথাও পলি জমে ভরাট, কোথাও দখল, কোথাও সংকীর্ণ নালায় পরিণত হয়েছে। ফলে পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি নদীতে পৌঁছানোর আগেই আটকে যাচ্ছে লোকালয়ে। এরই পরিণতিতে বছরের পর বছর দক্ষিণ চট্টগ্রামের (পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকা নিয়ে গঠিত) বিস্তীর্ণ এলাকা বন্যার শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হাঙ্গর খালের শেষ অংশ সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের অংশ একেবারে সংকীর্ণ হয়ে গেছে। ১ নম্বর ওয়ার্ড এলাকায় এসে কার্যত বিলীন হয়ে গেছে। এরপর এটি মাহালিয়া বিলে গিয়ে মিশলেও সেই প্রবাহও এখন আগের মতো নেই। শুষ্ক মৌসুমে খালে পানি থাকে না, বর্ষায় আবার অতিরিক্ত পানি ধারণের সক্ষমতাও হারিয়ে ফেলেছে।
ছদাহা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খালের শেষের অন্তত তিন কিলোমিটার অংশ এখন আর খালের মতো নেই। পলি জমে ও ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। উজানে একাধিক স্লুইসগেট রয়েছে। শুকনো মৌসুমে একেবারে পানি থাকে না। আবার বর্ষায় পাহাড়ি ঢল নামলেও নিচের অংশে পানি চলাচলের মতো অবস্থা নেই। ফলে পানি লোকালয়ে ঢুকে পড়ে। দ্রুত খাল খনন না করলে প্রতিবছরই এই দুর্ভোগ চলবে।
একই চিত্র সাতকানিয়া উপজেলার অন্যান্য খালের ক্ষেত্রেও। সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও তাসনীম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এনামুল হক জানান, তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াল খাল একসময় নৌযান চলাচলের উপযোগী ছিল। এখন সেটিও মৃতপ্রায়।
তিনি বলেন, ২০ বছর আগেও এই খালে নৌকা চলত। কেরানিহাট থেকে নতুন খাল পর্যন্ত একটি প্রশস্ত খাল ছিল। এখন তার অস্তিত্বই নেই। অনেকেই শুধু চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনকে দায়ী করছেন। কিন্তু বাস্তবে সেটিই একমাত্র কারণ নয়। নদী-খাল ভরাট হয়েছে, বড় বড় দিঘি ও পুকুর ভরাট হয়েছে, কৃষিজমি ভরাট করে বসতি গড়ে উঠেছে। ফলে পানি যাওয়ার স্বাভাবিক পথগুলো ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, লোহাগাড়া ও সাতকানিয়া দিয়ে প্রবাহিত ডলু খাল এবং এর অসংখ্য শাখা খালও দীর্ঘদিন ধরে খননের বাইরে রয়েছে। শুষ্ক মৌসুমে ডলু খালের অনেক অংশে চাষাবাদ হয়। বর্ষা এলেই সেই খাল পাহাড়ি ঢলের পানি বহন করতে ব্যর্থ হয়। একইভাবে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীর বিভিন্ন নদী, খাল ও শাখা খালের নাব্যতা কমে যাওয়ায় পুরো দক্ষিণ চট্টগ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।
এর আগে বিভিন্ন সময়ে প্লাবিত হলেও ২০২৩ সালে সাতকানিয়া-লোহাগাড়ায় ভয়াবহ বন্যা হয়েছিল। সেইবার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনকে দায়ী করেছিলেন স্থানীয়রা। তবে এবার পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলাও ভয়াবহ বন্যার কবলে পড়ে। তাই বন্যার নতুন কারণ খুঁজতে থাকেন সংশ্লিষ্টরা। কারণ বাঁশখালী দিয়ে তো আর রেললাইন নেই।
দৈনিক চট্টগ্রামপোস্ট