ঢাকা | বঙ্গাব্দ

সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : সরোয়ার আলমগীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : সরোয়ার আলমগীর ছবির ক্যাপশন: সরোয়ার আলমগীর
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কৃষি খাতকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে সরকার কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (২৭ জুন) ফটিকছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন, চারা ও সার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরইমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিজমির পাশের খাল পুনঃখননের কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। ফটিকছড়ির কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের কৃষি আরও সমৃদ্ধ হবে।
কৃষকদের ন্যায্য মূল্য প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য কোনো দাবি নয়, এটি তাদের অধিকার। যে কৃষক নিজের ঘাম ঝরিয়ে দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করেন, তিনি তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন—এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় কৃষক উৎপাদন খরচও তুলতে পারেন না, অথচ ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হয়। এর সুফল কৃষক নয়, মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মিহীর চক্রবর্তী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ বাবুল, ভুজপুর কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বেলাল মেম্বার, নাজিরহাট পৌরসভার কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবিরসহ অনেকে।
এসময় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সাধারণ কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল