সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় দেশিয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি ছুরিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন- উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলার টেইলাপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও ছনখোলার পশ্চিমপাড়া এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (২১)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, দুই যুবকের কাছে অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ৭টার দিকে এওচিয়ার ছনখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. জাহাঙ্গীর আলম ও সাইমন উদ্দিন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে একটি খড়ের গাদার ভেতর লুকানো দেশিয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই যুবককে আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট