এস এম রফিক মাহমুদ,
সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত নোয়াখালী–৪ (সদর–সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মো. শাহজাহানকে সমর্থন জানিয়ে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ বিকেল ৩টায় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নারী, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, নোয়াখালী জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখু, আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, ওমর ফারুক টপি, আবদুল্লাহ চেয়ারম্যানসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, ১৯৯১ সালে আলহাজ মোহাম্মদ শাহজাহান প্রথমবার নির্বাচন করেন যখন সুবর্ণচরে সড়ক ও অবকাঠামো উন্নয়ন খুবই সীমিত ছিল। তিনি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, হিন্দু–মুসলিমসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বনদস্যু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচর উপজেলার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।”
প্রধান বক্তা হারুনুর রশীদ আজাদ বলেন, সুবর্ণচরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং চরাঞ্চলের নানা সমস্যার সমাধানে আলহাজ মোঃ শাহজাহান অতীতে যে ভূমিকা রেখেছেন তা অনন্য। খুব শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে তিনি উন্নয়নবঞ্চিত সুবর্ণচরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে এ ব্যাপারে আমরা আশাবাদী।
বিশেষ অতিথিরা বলেন, উপজেলা বাস্তবায়ন ও সুবর্ণচর নামকরণ করে সুবর্ণচর উপজেলার চরাঞ্চলকে বাসযোগ্য করা, স্থানীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে সাহসী নেতৃত্ব দিয়েছেন আলহাজ মোঃ শাহজাহান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলে নারীর অধিকার, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।
সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের নেত্রীবৃন্দের ব্যাপক উপস্থিতি সমাবেশকে উৎসবমুখর করে তোলে।

দৈনিক চট্টগ্রামপোস্ট