নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে চট্টগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে স্টেকহোল্ডার ট্রেনিং আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বুধবার (২০ মে) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেলার নেটওয়ার্ক সদস্য, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক অংশ নেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী।
এ ছাড়া প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অনর্ব খীসা, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইমতিয়াজ আবির, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. এমরান কবির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক ঊর্মি সরকার, সহকারী বন সংরক্ষক মো. আবরারুর রহমান, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাসসহ বেলার চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা।
প্রশিক্ষণে তথ্যপ্রাপ্তির অধিকার, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা, বাস্তব প্রয়োগে প্রতিবন্ধকতা এবং তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট