মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
সরকারি হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকার ঘোষিত আর্থিক পুরস্কার এবং চলমান বিশেষ অভিযান নিয়ে আজ সোমবার সকাল ১১টায় র্যাব-৭ চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন অধিনায়ক, র্যাব-৭, চট্টগ্রাম।
সভায় অধিনায়ক বলেন, সরকারি অস্ত্র রাষ্ট্রের সম্পদ ও জননিরাপত্তার প্রধান হাতিয়ার। এটি অপরাধীদের হাতে গেলে সহিংসতা, চাঁদাবাজি ও সামাজিক অস্থিরতা বাড়ে। তাই হারানো অস্ত্র উদ্ধার শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, সবার নাগরিক দায়িত্ব।
তিনি জানান, র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়া হবে। রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের জন্য দুই লাখ টাকা; শটগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা; সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য দেড় হাজার টাকা এবং প্রতি রাউন্ড গোলাবারুদের জন্য ৫০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
অধিনায়ক সাংবাদিকদের মাধ্যমে জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আশপাশে অবৈধ বা হারানো সরকারি অস্ত্রের সন্ধান পেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। গণমাধ্যম প্রতিবেদন, টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারে এবং অনুসন্ধানী সাংবাদিকতায় অস্ত্রের হাতবদল ও লুকানো স্থান উন্মোচন করতে পারে।
তিনি বলেন, কলম ও ক্যামেরার শক্তি অস্ত্রের চেয়েও বেশি। সাংবাদিক সমাজ এই অভিযানে শামিল হলে হারানো অস্ত্র দ্রুত উদ্ধার করে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
দৈনিক চট্টগ্রামপোস্ট