ঢাকা | বঙ্গাব্দ

১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান ছবির ক্যাপশন: ১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৩ জুন চট্টগ্রামের লালদিঘী ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

বৃহস্পতিবার (১১ জুন) নগরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও সেই প্রত্যাশার প্রতিফলন দৃশ্যমান হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির কারণে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি, দখলদারত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও বাড়ছে।
তিনি আরও বলেন, দুর্নীতি, অনিয়ম, ঘুস ও স্বজনপ্রীতির কারণে জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক খাতের অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দরের পরিচালনায় স্বচ্ছতা, দক্ষতা ও জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগরী সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, এলডিপির মহানগরী সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির মহানগরী সভাপতি আলাউদ্দিন আলী, খেলাফত মজলিসের মহানগরী সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মাওলানা রিদোয়ানুল হক ও জামায়াতের চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা মুবিনুল হক, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মো. আফসার উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স