মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে একটি প্রাপ্তবয়স্ক মৃত ডলফিন (শুশুক) উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট সংলগ্ন নদীতে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় ডলফিনটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে হালদা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত ও বৈজ্ঞানিক পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারে পাঠানো হয়।
হালদা রিভার রিসার্চ সেন্টার সূত্র জানায়, উদ্ধার হওয়া ডলফিনটি একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী শুশুক। এর মোট দৈর্ঘ্য ১৯৬ সেন্টিমিটার এবং ওজন ৭৩ দশমিক ৩ কেজি। ডলফিনটির মাথার দুই পাশে বড় আঘাতের চিহ্ন এবং ডর্সাল পাখনার বাম পাশে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতজনিত কারণেই ডলফিনটির মৃত্যু হয়েছে এবং এটি ৩ থেকে ৪ দিন আগে মারা গেছে।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রমজান আলী জানান, উদ্ধারকালে ডলফিনটির শরীরে পচন ধরেছিল এবং চামড়া ফুলে উঠেছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে মোট ৪৭টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। চলতি বছরেই এটি চতুর্থ মৃত ডলফিন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় কার্পজাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী দেশের মিঠাপানির ডলফিনেরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে নদীদূষণ, নৌযান চলাচল এবং বিভিন্ন মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে ডলফিন মৃত্যুর ঘটনা বাড়ছে বলে পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।###

দৈনিক চট্টগ্রামপোস্ট