কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
কর্ণফুলীতে ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা আবুল মোকাররম মোহাম্মদ নূরুল ইসলাম আল-কাদেরী কেবলা (রহ.), যিনি নূরী বাবা নামে সুপরিচিত—তাঁর ৪৯তম বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) নূরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভী বাড়ির আস্তানা শরীফে দিনব্যাপী ও রাতব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ ওরশ উদযাপিত হয়।
ওরশের কর্মসূচির মধ্যে ছিল— সকাল থেকে খতমে কোরআন, বাদে জোহর রওজা শরীফে গিলাফ অর্পণ, বাদে আছর মাজার শরীফ জিয়ারত, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা তবারুক বিতরণ এবং রাত ১০টা থেকে সারারাতব্যাপী ছেমা মাহফিল (আধ্যাত্মিক সংগীত)। আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘোষণা করা হয়।
নূরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ব্যাংকার শাহজাদা মোহাম্মদ মেহেরাব হোসেন খান নূরীর সার্বিক পরিচালনায় এবং শাহজাদা মোহাম্মদ ছারকীছ হোসেন খান নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা মোহাম্মদ মোজাদ্দাদ হোসেন খান নূরী।
মাহফিলে তকরীর পেশ করেন হযরতুল হাজ্জ আল্লামা ইদ্রিস আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন আল-কাদেরী (এমফিল, পিএইচডি), মাওলানা সরওয়ার আলম আল-কাদেরী প্রমুখ। ছেমা মাহফিলে আধ্যাত্মিক সংগীত পরিবেশন করেন মাওলানা আবু ছালেহ কাওয়াল।
পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় শাহজাদা ইমরাজ হোসেন খান নূরীর আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট