খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শান্তি পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কুবেনজে ত্রিপুরা (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কুবেনজে ত্রিপুরা গুইমারা উপজেলার লক্ষীমুড়া এলাকার পংখিমুড়া পাড়ার বাসিন্দা কৃপাচার্য ত্রিপুরার ছেলে।
অপরদিকে আহত ব্যক্তি হলেন হনেল ত্রিপুরা (১৯)। তিনি খাগড়াছড়ি সদর থানার ভাইবোনছড়া এলাকার মনোহরী ত্রিপুরার ছেলে। আহত হনেলের মাতা উর্তি ত্রিপুরা।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে খাগড়াছড়ি চট্টগ্রাম রোডের পাশ্ববর্তী সড়ক থেকে মূল সড়কে উঠার সময় মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কুবেনজে ত্রিপুরা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “মুখোমুখি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও শান্তি পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দৈনিক চট্টগ্রামপোস্ট