ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর টেক্সিতে করে নিয়ে যাচ্ছিল মাংস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর টেক্সিতে করে নিয়ে যাচ্ছিল মাংস ছবির ক্যাপশন: পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর টেক্সিতে করে নিয়ে যাচ্ছিল মাংস
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস টেক্সিতে করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জবাইকৃত গরুর মাংসগুলো উদ্ধার করে।

গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আবদুর রহিম (৩৫)। তিনি বাঁশখালীর চাঁনপুর এলাকার আবদুস সালামের ছেলে। বর্তমানে চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

কৃষক আরিফ মিয়া বলেন, রাতে তারা গোয়ালঘরে পাঁচটি গরু বেঁধে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে মসজিদের মাইকে গরু চুরির বিষয়ে ঘোষণা শুনে তার ভাই নাছির উদ্দিন গোয়ালঘরে গিয়ে দেখেন, একটি গরু নেই। গরুটি শাহীওয়াল জাতের। এর ওজন আনুমানিক দুই মণ এবং দাম ৮০ হাজার থেকে এক লাখ টাকা। আরিফ মিয়ার ভাষ্য, সকালে পাহাড়ের ক্ষেতে যাওয়ার পথে স্থানীয় কৃষকেরা পাহাড়ের পাদদেশে একটি সিএনজি টেক্সিতে তিনজনকে গরুর মাংস নিয়ে যেতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের আটকানোর চেষ্টা করলে দুজন পালিয়ে যান। পরে একজনকে মাংসভর্তি টেক্সিসহ আটক করা হয়। আরিফ মিয়া জানান, উদ্ধার করা গরুর মাথা দেখে তিনি সেটি নিজের চুরি হওয়া গরু বলে শনাক্ত করেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাংস উদ্ধার করা হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু