নিউজ ডেস্ক | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে দিনে-দুপুরে হালিশহর থানা পুলিশের টহল গাড়ি চুরির ঘটনা ঘটেছে। জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে পুনাক ক্যান্টিনের সামনে থেকে গাড়িটি চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবলসহ তিন সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। দুপুরে খাবার খেতে তাঁরা জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে পুনাক ক্যান্টিনে যান। গাড়িটি সড়কের পাশে রেখে তাঁরা ক্যান্টিনে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট পর খাবার শেষে বাইরে এসে দেখেন, পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটি সেখানে নেই।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ওঠেন। এরপর গাড়িটি চালিয়ে দ্রুত আগ্রাবাদের দিকে চলে যান।
ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নামে। পরে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ফকিরনীর হাট এলাকা থেকে চুরি যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানা পুলিশের একটি টহল দল খাবার খেতে ক্যান্টিনে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি দেখতে পায়নি। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি নিয়ে যেতে দেখা গেছে। পরে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদও ফকিরনীর হাট এলাকা থেকে পুলিশের পিকআপ ভ্যান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। হালিশহর থানার ডিউটি অফিসার এএসআই ফারজানাও গাড়ি উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
তবে গাড়িটি চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কীভাবে ওই ব্যক্তি গাড়ির চাবি সংগ্রহ করেছিলেন, সেটিও তদন্তের বিষয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট