প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বড়াদম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ কাঁচা ইট মাড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই বেশ কিছু ইটভাটা গড়ে তোলা হয়েছিল।
অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, দীঘিনালায় অবৈধ্য ইট ভাটা করতে দেয়া হবে না তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার জন্যে কাঁচা ইট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অনুমোদনহীন কোনো ইটভাটা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।
অভিযানে দীঘিনালা থানার পুলিশ সদস্য, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট