প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষা অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং ৩নং কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এবং মাইনী কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ জেসমিন চাকমা।
জানা যায়, এ বছর উপজেলার মোট ৬টি কিন্ডারগার্টেন স্কুলের মেধা তালিকাভুক্ত বৃত্তি প্রাপ্ত ৩০ জন, সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯৩জনকে পুরস্কার বিতরণ, সনদপত্র প্রদান এবং ৫ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি ডা. তনয় তালুকদার তাঁর বক্তব্যে বলেন
“শিক্ষার আলোয় আলোকিত প্রজন্মই সমাজ ও রাষ্ট্রের প্রকৃত সম্পদ। আজকের এ মেধাবৃত্তি শুধু পুরস্কার নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়াবে, নতুন স্বপ্ন দেখাবে। পাহাড়ি জনপদের শিক্ষার্থীরা প্রতিভায় কোনো অংশে পিছিয়ে নেই। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, উৎসাহ এবং অগ্রযাত্রায় সহায়তা।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা এবং অভিভাবকদের ত্যাগেই একজন শিক্ষার্থী তার লক্ষ্য অর্জন করতে পারে। ভবিষ্যতে দীঘিনালার শিক্ষার মান আরও উন্নত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি ওসি মো. জাকারিয়া বলেন, “শিক্ষিত প্রজন্মই মাদক, অপরাধ ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মনন বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”
ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ও নলেজ চাকমা জ্ঞান বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে বড় হয়ে দেশ ও জাতির জন্য কিছু করার। এই বৃত্তি তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।”
সভাপতি জেসমিন চাকমা বলেন, “ভবিষ্যতের নেতৃত্ব গঠনে এই মেধাবৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে এসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন। গুণীজনদেরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগত অভিভাবকরা মনে করেন, শিক্ষাক্ষেত্রে এ অনুষ্ঠানটি নতুন উদ্যম ও অনুপ্রেরণার সঞ্চার করেছে

দৈনিক চট্টগ্রামপোস্ট