মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বদরখালী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও চকরিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার আলম।
প্রধান অতিথি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সময়োপযোগী পাঠদান, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যথাযথ প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে অবহেলা কারো কাম্য নহে।এর ব্যতয় ঘটলে জাতি হিসেবে চরম মূল্য দিতে হবে।তাই এ ব্যাপারে, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ সমন্বয় অত্যাবশকীয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান।
তিনি কলেজের সার্বিক অগ্রগতি, পাঠদানের পরিবেশ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদার এবং সমিতির সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন।
এছাড়াও সমিতির পরিচালকসহ স্থানীয় গুণীজন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, শিক্ষক - শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বদরখালী ডিগ্রি কলেজকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট