নিউজ ডেস্ক চট্টগ্রাম
গুরুত্বপূর্ণ মামলায় সময়মতো সাক্ষ্য না দেওয়ায় সিএমপিসহ দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত, যার অধিকাংশ অজামিনযোগ্য।
এ পরিস্থিতিতে চলতি অক্টোবর ও নভেম্বর মাসে ধার্য তারিখে সকাল ৯টার মধ্যে পুলিশ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন ইউনিট প্রধানদের ১৮টি পৃথক চিঠি দিয়েছে সিএমপি। চিঠিতে জানানো হয়, সাক্ষীর অনুপস্থিতিতে মামলা ক্ষতিগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্ট সদস্য ও কর্তৃপক্ষকে নিতে হবে।
পুলিশ সাক্ষীদের অনুপস্থিতির কারণে চট্টগ্রামের আদালতগুলোতে ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক সহিংসতায় দায়ের করা ১৫১টি মামলার বিচারপ্রক্রিয়াও প্রত্যাশিত গতি পাচ্ছে না।
তবে পুলিশ সদস্যদের অভিযোগ, সমন শাখার গাফিলতির কারণে আদালতের নোটিশ যথাসময়ে তাঁদের হাতে পৌঁছায় না। অন্যদিকে, সিএমপির প্রসিকিউশন বিভাগের মতে, সমনে বিপি (BP) নম্বর না থাকা, দায়িত্বপ্রাপ্তদের তদারকির অভাব এবং অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সদস্যদের ভাতা ও যাতায়াত ব্যয়ের জটিলতাও হাজিরা ব্যাহত হওয়ার মূল কারণ।
পরিস্থিতি মোকাবিলায় বিনা কারণে অনুপস্থিতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন। এর আগে গত ফেব্রুয়ারিতেও তিন শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে একই কারণে পরোয়ানা জারি করা হয়েছিল।
দৈনিক চট্টগ্রামপোস্ট