নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস এবং চট্টগ্রাম ইম্পেরিয়াল কলেজ অব নার্সিং যৌথভাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সদের দক্ষতা, মানবিকতা ও আন্তরিক সেবাই একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি। নার্সদের সম্মান ও উন্নয়ন নিশ্চিত করলেই একটি শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”
হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, “নার্সরা শুধু স্বাস্থ্যসেবার অংশ নন, তারা রোগীর মানসিক শক্তি ও আস্থার অন্যতম উৎস। তাদের অবদান প্রতিটি সফল চিকিৎসাসেবার নীরব শক্তি।”
প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী বলেন, চিকিৎসকদের দিকনির্দেশনার পাশাপাশি নার্সদের নিরলস সেবা রোগীর দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীমা আখতার, নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা, হাসপাতালের চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সিং টিম ও শিক্ষার্থীরা।
আয়োজনের অংশ হিসেবে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র প্রদান এবং নার্সিং শিক্ষার্থীদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান নার্সিং পেশার প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে।
দৈনিক চট্টগ্রামপোস্ট