ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় তুচ্ছ ঘটনায় মাদ্রাসাছাত্রকে পিটিয়ে গুরুতর জখম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
আনোয়ারায় তুচ্ছ ঘটনায় মাদ্রাসাছাত্রকে পিটিয়ে গুরুতর জখম ছবির ক্যাপশন: মাদ্রাসাছাত্রকে পিটিয়ে গুরুতর জখম
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খাসখামা বদু তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুর নাম ইমতিয়াজ (৮)। সে প্রবাসী মো. সোলাইমান ও খোরশেদা বেগম দম্পতির ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমতিয়াজসহ কয়েকজন শিশু মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী রিপুর ছেলে আবিদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। 

বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মো. রিপু (৩৫) ও মো. হিরু (৩০) শিশুটিকে গালিগালাজ করেন। 

একপর্যায়ে তারা ইমতিয়াজকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মাথায় তুলে আছাড় দেয় এবং কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করে।

মারধরের ফলে শিশুটির নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং বাম হাতে হাড় ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। শিশুর চিৎকার শুনে মা ও স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় ইমতিয়াজকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশুর মা খোরশেদা বেগম বলেন, “অভিযুক্তরা আমাদের প্রতিবেশী হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্তানের ওপর হামলার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন