নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে একসময় বাংলাদেশেও রোবট রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। রোবটিক সার্জারি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও রোবট দিয়ে রাস্তা পরিষ্কারের দিন খুব বেশি দূরে নয়।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ‘বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা’র চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে চসিক মেয়র বলেন, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে সবসময় নির্ভুল তথ্য প্রকাশ করতে হবে। সঠিক তথ্য না পেলে সমাজ ও জাতি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী নতুন প্রজন্ম গঠনে সমকাল কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজয়ী ও পরাজিত—উভয় পক্ষকেই তাদের কোথায় নম্বর বেশি এসেছে আর কোথায় কম, তা বিশ্লেষণ করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য নিজেদের নতুন করে তৈরি করতে হবে এবং বিজ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞানের কল্যাণে সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। তাই বিজ্ঞানকে আরও বেশি জানতে ও শিখতে হবে। আগামী দিন বিজ্ঞানের দিন। যে যত বেশি বিজ্ঞান চর্চা করবে, সে তত বেশি এগিয়ে যাবে।
চট্টগ্রামের পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, পাহাড়, সমুদ্র ও সবুজের অপরূপ সৌন্দর্যের শহর চট্টগ্রাম। অতীতে পাহাড় কেটে একের পর এক স্থাপনা নির্মাণ করে এখানকার পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস করা হয়েছে। এখন থেকে এই শহরে আর কোনো পাহাড় কাটা চলবে না, খালের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা যাবে না এবং নকশা পরিবর্তন করে রাস্তা দখল করতে দেওয়া হবে না
নাগরিকদের আইন মানার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিদেশে গেলে কড়াভাবে আইন মেনে চলেন, কিন্তু দেশে ফিরে অনেকেই আর আইন মানতে চান না। এই অভ্যাস আমাদের দ্রুত পরিহার করতে হবে।
সমকালের চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা বিতার্কিক মাসুদ বকুল।
উল্লেখ্য, দিনব্যাপী এই বিভাগীয় প্রতিযোগিতায় ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষ সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী আফসানা হালিম তিশা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো রাঙামাটির মোনঘর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজারের বাঁকখালী উচ্চ বিদ্যালয়, বান্দরবান আইডিয়াল স্কুল, চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট