নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪০)। তার বাড়ি মুরাদনগর উপজেলায়। বর্তমানে তিনি নগরের ডবলমুরিং এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাসার পার্কিং থেকে টয়োটা প্রিমিও মডেলের একটি প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির মালিক গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী। চুরি হওয়া গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচলাইশ মডেল থানায় মামলা হওয়ার পর তদন্তভার পায় মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।
ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজারসংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া গাড়িসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গাড়ি চুরির ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ মামলার তদন্ত চলছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট