আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর মেজ ভাই মো. ওমর ফারুক।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এনডিএম প্রার্থীর নির্বাচনী বার্তা তুলে ধরেন।
প্রচারণাকালে ছৈয়দকুচিয়া, বারখাইন, বাদামতল, ভরাপুকুরপাড়, হাইলধর, মালঘর বাজার, তালতল বাজার, বরকল ব্রিজ, পালের হাট, কলঘর, ভিংরোল, জয়কালী বাজার, জেলে পাড়া, ইছামতিসহ বদনছাডি, কেয়াগড়, চাতরী, কৈনপুরা ও পেশকার হাট এলাকায় গণসংযোগ করা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রচারণা ও লিফলেট বিতরণকালে মো. ওমর ফারুক বলেন, আমি চট্টগ্রাম-১৩ আসনে এনডিএম প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর মেজ ভাই। আমার ভাই দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জনগণের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে তিনি রাজনীতিতে কাজ করে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সিংহ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি।

দৈনিক চট্টগ্রামপোস্ট