ঢাকা | বঙ্গাব্দ

জমিয়তুল ফালাহ মসজিদ ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: শাহাদাত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
জমিয়তুল ফালাহ মসজিদ ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: শাহাদাত ছবির ক্যাপশন: জমিয়তুল ফালাহ মসজিদ ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: শাহাদাত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স ঘিরে উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। মসজিদ এলাকায় ওয়াকওয়ে, মিনার ও পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) চসিকের নগর ভবনের সম্মেলন কক্ষে খতিবে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী (রহ.)-এর ওরস ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জমিয়তুল ফালাহ মসজিদকে প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা ও নকশা অনুযায়ী আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে। মসজিদ এলাকায় মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। উন্নয়নকাজে বাধা সৃষ্টি করে অবৈধ স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেগুলো অপসারণ করে কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি বছর ঈদের প্রধান জামাতসহ বড় বড় ধর্মীয় আয়োজন হয়। মসজিদটির সৌন্দর্য ও পরিবেশ চট্টগ্রাম নগরের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। তাই মসজিদের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে এবং একটি মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মসজিদ-সংলগ্ন এলাকায় পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে চসিক প্রশাসক বলেন, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব বন্ধ করে এলাকাটিকে মানুষের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করতে পার্ক নির্মাণ করা হবে। সেখানে মুসল্লিরা হাঁটতে পারবেন, সাধারণ মানুষও সময় কাটাতে পারবেন।

তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় জনস্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। নগরবাসী ও মুসল্লিরা যেন সুন্দর পরিবেশে চলাচল, নামাজ আদায় ও অবসর কাটাতে পারেন, সে লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সভায় আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ওরস ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সম্মেলন সফল করতে চসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে মিশর, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতিমান কারিরা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। সম্মেলন বিকেল ৪টায় শুরু হয়ে এশার নামাজের পর রাত ৯টা পর্যন্ত চলবে।

পর্ষদের প্রধান সমন্বয়কারী ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলহাজ আলী হোসেন সোহাগের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পর্ষদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী।
সভায় বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, সহসভাপতি এম এ হামিদসহ আয়োজক পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট