নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশে অপরিহার্য। নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ মার্চ) রাতে নগরের নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও জনমতের প্রতিফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব। বিশেষ করে টেলিভিশন জার্নালিস্টদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টিসিজেএ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক আহমেদ সজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও নগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী।
এ সময় টিসিজেএর সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ ও নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বক্তব্য দেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বক্তারা পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট