(খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই জরিমানা করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় একটি জমিতে অবৈধভাবে টপ সয়েল কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহিন নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ জানান, টপ সয়েল বা উর্বর মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এজন্য অবৈধভাবে টপ সয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ভবিষ্যতেও অবৈধভাবে মাটি ও টপ সয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসময় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট