নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলে- সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেছা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০) ও ইরফান (১৮)। তাদের সবার বাড়ি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা মুন্সির বাড়ি এলাকার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা একটি লেগুনায় করে চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিলেন। সেখানে এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের।
পথে পটিয়া মডেল মসজিদের সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক লেগুনাটির নিয়ন্ত্রণ হারান। এ সময় লেগুনাটি সড়কের ওপর উল্টে যায়। এতে নারী ও শিশুসহ ১৪ যাত্রী আহত হন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক বলেন, সড়ক দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা তিনি জানেন না।
দৈনিক চট্টগ্রামপোস্ট