ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় প্রবাসী হত্যা মামলায় শ্যালক-সৎ ছেলে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
পটিয়ায় প্রবাসী হত্যা মামলায় শ্যালক-সৎ ছেলে গ্রেফতার ছবির ক্যাপশন: পটিয়ায় প্রবাসী হত্যা মামলায় শ্যালক-সৎ ছেলে গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী সিরাজুল ইসলামকে (৫৫) হত্যার মামলায় তার শ্যালক শেখ মোস্তান (৩৬) ও সৎ ছেলে কাজী মো. শাহাবাজ হোসেনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৭ জুন রাত দেড়টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার ফোরক সওদাগরের বাড়িতে নিজ শয়নকক্ষে খুন হন প্রবাসী সিরাজুল ইসলাম। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য শেখ মোস্তান, দ্বিতীয় স্ত্রী মোছাম্মৎ মিনহারা আকতার ববি, সৎ ছেলে কাজী মো. শাহাবাজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে ১৮ জুন পটিয়া থানায় হত্যা মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
 পুলিশ আরও জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোশারফ হোসেন পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালান। এর ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে শেখ মোস্তান ও শাহাবাজ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে