ঢাকা | বঙ্গাব্দ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আটকে থাকার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আটকে থাকার অভিযোগ ছবির ক্যাপশন: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আটকে থাকার অভিযোগ
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

​নথিতে তারিখ পরিবর্তনের জেরে স্থায়ী চাকরির মেয়াদ এক বছর কমে যাওয়ায় প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষক। ভুক্তভোগী শিক্ষকের দাবি, এর ফলে তার প্রাপ্য ১ লাখ ৪৬ হাজার ১৩০ টাকা আটকে গেছে।

​দীর্ঘ ৭ বছর ৬ মাস শিক্ষকতা শেষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেন সিএসই বিভাগের প্রাক্তন প্রভাষক মো. নেয়ামুল হক। তার অভিযোগ, বিদায়ের পর প্রভিডেন্ট ফান্ডের নিজের জমানো অর্থ পেলেও বিশ্ববিদ্যালয়ের সমপরিমাণ অংশটি তাকে দেওয়া হয়নি।

​নেয়ামুল হকের ভাষ্যমতে, ২০১৮ সালের ৩ অক্টোবর ইস্যু করা তার স্থায়ীকরণের চিঠিতে ২০২০ সালের ৩ অক্টোবর থেকে স্থায়ী হওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু তৎকালীন উপাচার্য ও রেজিস্ট্রার কোনো কারণ দর্শানোর নোটিশ বা লিখিত আদেশ ছাড়াই কলম দিয়ে কেটে ২০২০ সালকে ২০২১ করে দেন বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এর ফলে স্থায়ী চাকরিকাল ৫ বছর ২৮ দিন থেকে কমে চার বছরে নেমে আসে এবং নিয়ম অনুযায়ী ৫ বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে তার প্রাপ্য ১ লাখ ৪৬ হাজার ১৩০ টাকা আটকে দেওয়া হয়।

​ওই শিক্ষকের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের সবার প্রবেশনকাল এক বছর হলেও তার ক্ষেত্রে তা দুই বছর করা হয়েছে, তাও আবার যোগদানের চার বছর পর। অথচ তার সমসাময়িক সময়ে যোগ দেওয়া এবং একই মাসে চাকরি ছাড়া আরেক শিক্ষক মিনহাজ হোসেন সব সুবিধাই পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে তৎকালীন প্রশাসন মৌখিকভাবে সমাধানের আশ্বাস দিলেও বর্তমান রেজিস্ট্রার অফিস এখন সেই মৌখিক আশ্বাসের লিখিত প্রমাণ চাইছে বলে জানান তিনি।

​এ বিষয়ে নেয়ামুল হক প্রশ্ন তোলেন, যে অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করে আগের প্রশাসনকে সরিয়েছে, বর্তমান প্রশাসনও যদি সেই সিদ্ধান্ত বহাল রাখে তবে পরিবর্তনটা কোথায় হলো।

​প্রাপ্য অর্থ ফিরে পেতে সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের কাছে লিখিত আবেদন করেছেন নেয়ামুল হক। চসিক প্রশাসক বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠান।

​এ বিষয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর রেজিস্ট্রার মো. ইফতেখার মনির জানান, যেহেতু চসিক প্রশাসক বিষয়টি সুপারিশ করেছেন, তাই আবেদনটি কমিটিতে তোলা হবে।

 এখন কমিটির সিদ্ধান্তে প্রাক্তন এই শিক্ষক তার দাবি অনুযায়ী অর্থ ফিরে পান কি না, সেটিই দেখার বিষয়

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল