নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ফোন করে এক যুবককে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি হোটেলের সামনে ডেকে নেন এক ব্যক্তি। সেখানে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে আসেন তিনি ও তার সহযোগীরা। পরে ওই যুবকের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নারায়ণগঞ্জের রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও চট্টগ্রামের রাউজানের মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু (২৭) অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামের এক ব্যক্তি তাকে ফোন করে ওই স্থানে ডেকে নেন। পরে শ্রাবণসহ আরও দুই থেকে তিনজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে সেখানে আসেন। তারা জামালের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে চলে যান তারা।
এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত বুধবার বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে রবিউল ও আদনানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জামালের ব্যবহৃত সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট