নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে স্থানীয় সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান কাচালং ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও তরুণ সমাজসেবক মো. নিরব ইসলাম সবুজ-এর ব্যক্তিগত উদ্যোগে ওই ওয়ার্ডের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নাছির উদ্দীন এবং বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী।
চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দীন বাহারী বলেন, সাধারণ মানুষের এই দুঃসময়ে কাচালং ট্রেডার্সের মালিক নিরব ইসলাম সবুজের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও ব্যবসায়ীরা নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
উদ্যোক্তা মো. নিরব ইসলাম সবুজ জানান, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্থানীয় কয়েকশ সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে চালের প্যাকেট বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট