এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। লোহার কলাপসিবল গেট কেটে অফিস কক্ষ থেকে ডেক্সটপ কম্পিউটার ও ভ্যাকসিন বিক্রির নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অফিসে এসে কর্মরতরা চুরির বিষয়টি জানতে পারেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার জানান, বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে ও হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। সকালে এসে দেখা যায়, কলাপসিবল গেটের হোলপাস কেটে ভেতরে ঢুকে চুরি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কার্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার হুক কেটে একটি ডেক্সটপ কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীদের কক্ষের হুক কেটে আরেকটি কম্পিউটার ও মনিটর নিয়ে গেছে। ড্রয়ারে রাখা ভ্যাকসিন বিক্রির নগদ ১৫ হাজার টাকাও চুরি হয়েছে। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র এলোমেলো করে রেখে যায় চোরের দল।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট