ঢাকা | বঙ্গাব্দ

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১ মাঠ হবে: চসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১ মাঠ হবে: চসিক প্রশাসক ছবির ক্যাপশন: মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১ মাঠ হবে: চসিক প্রশাসক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০টি মাঠও পর্যায়ক্রমে গড়ে তোলা হবে। এছাড়া ৪০টি ফুটসাল মাঠ নির্মাণ এবং বিভিন্ন এলাকায় আরও ৪০ থেকে ৫০টি খেলার মাঠ সংস্কারের পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে নগরের পাহাড়তলী বাজার এলাকার জিয়া স্মৃতি পাঠাগার ক্লাব মাঠে ‘মরহুম জালাল উদ্দীন সোহেল স্মৃতি উন্মুক্ত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।
তিনি বলেন, একটি সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচকভাবে পরিবর্তনে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিং বর্তমানে সমাজের বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে তরুণ ও কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ এবং সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করতে হবে। মাঠের অভাবে যুবসমাজ যেন বিপথে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

চসিক প্রশাসক জানান, দুই বছর আগে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে। পাশাপাশি ফুটসাল মাঠ নির্মাণ ও বিদ্যমান মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, একসময় এ নগরী থেকে জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার উঠে এসেছেন। কিন্তু পর্যাপ্ত মাঠ ও সুযোগ-সুবিধার অভাবে বর্তমানে সেই ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এ অবস্থা পরিবর্তনে চসিক বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। ভবিষ্যতেও মেয়র কাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হলে তৃণমূল থেকেই গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের তরুণরা বিদেশি দলের পতাকার পরিবর্তে দেশের লাল-সবুজের পতাকা ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে এমন প্রত্যাশা তাদের। চট্টগ্রামের খেলার মাঠ থেকেই একদিন বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি ও ইনজুরি প্রতিরোধের বিষয়ে নিজের চিকিৎসক পরিচয় তুলে ধরে ডা. শাহাদাত বলেন, ফুটবলসহ যে কোনো খেলায় অংশ নেওয়ার আগে পর্যাপ্ত ওয়ার্মআপ, স্ট্রেচিং ও কন্ডিশনিং এক্সারসাইজ করা জরুরি। এতে পেশিতে আঘাত পাওয়ার ঝুঁকি কমে। খেলার সময় পেশিতে আঘাত পেলে যথাযথ প্রাথমিক চিকিৎসা নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
মরহুম জালাল উদ্দীন সোহেলের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে চসিক প্রশাসক বলেন, সোহেল ছিলেন একজন সাহসী ছাত্রনেতা। মৃত্যুর আগে তিনি তার বাসায় শেষবারের মতো খাবার খেয়েছিলেন। বাসা থেকে বের হওয়ার পরপরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। মরহুমের স্মৃতি ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদে আল নোমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক, সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন।

এছাড়া ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মজু, সদস্যসচিব ফখরুল হাসান রাজু, মরহুম জালাল উদ্দীন সোহেলের বড় ভাই জামাল উদ্দিন বাবু ও আনোয়ার হোসেন এরশাদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।
পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাউদ্দিন রাসেল মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক, স্থানীয় নেতা, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু