মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধি:
রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুতে চলতি মৌসুমে মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষাবাদ হয়েছে। পাহাড়ি জমিতে মসলা চাষের অনুকূল আবহাওয়া থাকায় এবং বাজারে এর ভালো চাহিদা ও দাম পাওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
এ উপলক্ষে (বৃহস্পতিবার) ১৮ জুন উপজেলার আটারছড়ার ডাংগাবাজার এলাকায় আধুনিক চাষ পদ্ধতির ওপর দিনব্যাপী কারিগরি আলোচনা ও মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।
প্রধান অতিথি আসিফ মাহমুদ প্রশিক্ষণে বলেন, পাহাড়ি জমিতে আদা চাষের বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক উপায়ে ব্যাপক আকারে আদা ও বিভিন্ন মসলা জাতীয় ফসলের চাষ হচ্ছে। পাহাড়ে উৎপাদিত এসব মসলার বাজারে প্রচুর চাহিদা রয়েছে, যা চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে। হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে কৃষকদের যেকোনো ধরনের কারিগরি ও পরামর্শমূলক সহযোগিতা দিতে আমরা সবসময় প্রস্তুত।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্যান কর্মকর্তা লেটুস রায় ত্রিপুরা, উপজেলা উপ-সহকারী উদ্যান কর্মকর্তা নাছির উদ্দিন এবং উপ-সহকারী উদ্যান কর্মকর্তা বিভাষ চাকমা।
দিনব্যাপী এই প্রশিক্ষণে চাষিদের আধুনিক উপায়ে মসলা চাষ, রোগবালাই দমন এবং ফলন বাড়ানোর বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরিবেশবান্ধব ও লাভজনক হওয়ায় পাহাড়ে মসলা চাষের এই ধারা আগামীতে আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক চট্টগ্রামপোস্ট