মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি
রাঙামাটির দুই উপজেলা লংগদু ও নানিয়ারচরের সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৭ এপ্রিল (শুক্রবার) জুম্মার নামাজ শেষে নানিয়ারচর মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের সামনে ‘লংগদু ও নানিয়ারচর সর্বস্তরের জনসাধারণ এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লংগদু ও নানিয়ারচরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বছরের পর বছর ধরে কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বক্তারা আরও জানান, এই সংযোগ সড়কটি চালু হলে কেবল যাতায়াতই সহজ হবে না, বরং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে। লংগদু, নানিয়ারচর এবং বাঘাইছড়ি—এই তিন উপজেলার উৎপাদিত কৃষি পণ্য দ্রুত বাজারজাত করার সুযোগ তৈরি হবে, যা জেলা ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।
মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষের প্রধান দাবিগুলো হলো, অবিলম্বে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের বাকি কাজ সম্পন্ন করা। উক্ত সড়কে সাধারণ মানুষের চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাহাড়ি অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, "এই সড়কটি বাস্তবায়িত হলে দুটি উপজেলার মানুষের ভাগ্যোন্নয়ন হবে এবং রাঙামাটি জেলার অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে। আমরা চাই দ্রুততম সময়ে এই রাস্তার সুফল ভোগ করতে। মানববন্ধনে লংগদু ও নানিয়ারচর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট