আব্দুল ওয়াহাব,লোহাগাড়া চট্রগ্রাম:
দীর্ঘদিন অবহেলিত লোহাগাড়া-সাতকানিয়ায় উন্নয়ন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্রগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
শুক্রবার ( ২৭ মার্চ) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট জিসি হতে সাতকানিয়া দেওয়ানহাট জিসি সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী এমপি বলেন, উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়া এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।
উপজেলার গুরুত্বপূর্ণ পদুয়া থেকে গারাংগিয়া মাদ্রাসা সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১,৫০০ মিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ৮০ লাখ ৬১ হাজার ৫৬৮ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান ও পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খ ম আব্দুল হামিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, বিআরডিবি সভাপতি চৌধুরী মো. ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার, সমাজসেবক কাজী জসীমউদ্দীন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর ও ব্যবসায়ী জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট