নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
শিশু ও নবজাতকের জরুরি চিকিৎসায় আরও দ্রুত, নিরাপদ ও বিশেষায়িত সেবা নিশ্চিত করতে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক পেডিয়াট্রিক ও নিওনেটাল রিসাসিটেশন রুম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. আকরাম হোসাইন, ডা. রেজাউল করিম, ডা. ফারাহ চৌধুরী, ডা. হাসান জাহিদ, ডা. সাদিয়া আফরিন মনি ও ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইনচার্জ ডা: সৌরভ সেন ইমু। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিইও, সিএফও ও কোম্পানি সেক্রেটারি সি. এস. হেলাল উদ্দিন (এসিএ, এফসিসিএ), চিফ অব মেডিকেল সার্ভিসেস ডা. ফজলে আকবর চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক ডা. শাহেদ পারভেজসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক ও সহকর্মীরা। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
হাসপাতালের ১৮ শয্যাবিশিষ্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছে দুটি পৃথক রিসাসিটেশন রুম—একটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং অন্যটি শিশু ও নবজাতকের জরুরি চিকিৎসা ও শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য নির্ধারিত। নতুন এই বিশেষায়িত কক্ষে রয়েছে নিওনেটাল রিসাসিটেশন বেড উইথ রেডিয়েন্ট ওয়ার্মার, পেডিয়াট্রিক ইমার্জেন্সি বেড, নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর, মাল্টিপ্যারামিটার মনিটর, অক্সিজেন ও সাকশন সুবিধা, অ্যাডভান্সড এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ ও সরঞ্জামসমৃদ্ধ ক্র্যাশ কার্ট ও ডিফিব্রিলেটর। এই কক্ষে গুরুতর শ্বাসকষ্ট, শ্বাসপ্রশ্বাস বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া, খিঁচুনি, গুরুতর সংক্রমণ, তীব্র অ্যালার্জি, রক্তচাপ ও রক্তে শর্করা কমে যাওয়া, পানিশূন্যতাসহ বিভিন্ন সংকটাপন্ন অবস্থায় শিশু ও নবজাতকদের দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে এনআইসিইউ (NICU) বা পিআইসিইউ (PICU)-তে স্থানান্তরের আগে রোগীকে স্থিতিশীল করার ব্যবস্থাও থাকবে।
এ বিষয়ে ডা. রেজাউল করিম বলেন, “শিশু ও নবজাতকের জরুরি চিকিৎসায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সরঞ্জাম, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ মেডিকেল টিমের সমন্বয় সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ জরুরি মুহূর্তে আরও দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।”
অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসের এই উদ্যোগের মূল লক্ষ্য চট্টগ্রাম ও আশপাশের এলাকার শিশু ও নবজাতকদের জন্য আরও দ্রুত, সংগঠিত ও বিশেষায়িত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা।
একটি শিশুর সংকটাপন্ন মুহূর্তে প্রতিটি সেকেন্ড মূল্যবান। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় প্রস্তুতি এবং দক্ষ টিমের সমন্বয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসের এই নতুন সংযোজন শিশু ও নবজাতকের জরুরি চিকিৎসাসেবার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দৈনিক চট্টগ্রামপোস্ট