নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাউজানের কৃতী সন্তান অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর নাম। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তাকে ঘিরে আগ্রহ বাড়ছে।
১৯৬২ সালে জন্মগ্রহণ করা জসীম উদ্দিন চৌধুরীর পিতা মরহুম আবদুর রহমান চৌধুরী। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে একজন ব্যবসায়ী হলেও সমাজ ও রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের। বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করছেন; তার স্থায়ী ঠিকানা রাউজান পৌরসভার গহিরা মোবারক খীল।
রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সুপরিচিত মুখ। বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে রাউজান উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বও পালন করেছেন অতীতে। ছাত্রজীবনে তিনি এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার বিস্তৃত সম্পৃক্ততা। তিনি ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর সভাপতি এবং ‘রহমান ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগ ও কমিটির সঙ্গেও তিনি যুক্ত আছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী বলেন, যোগ্যতা ও প্রয়োজন বিবেচনা করেই সরকার চেয়ারম্যান নিয়োগ দেবে। তিনি মনে করেন, চট্টগ্রাম নগরীর পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাই আগামী চেয়ারম্যানের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। দায়িত্ব পেলে আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এই তিনটি বিষয় অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রাখছে। তবে শেষ পর্যন্ত সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট