মোঃ একরামুল হক
চট্টগ্রাম হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ ও বিএনপির হাজারো নেতা-কর্মী অংশ নেয়। হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সেক্রেটারি মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,
“এস এম ফজলুল হক বিএনপির দুর্দিনের পরীক্ষিত, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনৈতিক জীবনে তিনি সবসময়ই ছিলেন বিতর্কের ঊর্ধ্বে। দলের কঠিন সময়ে ১৯৯৬, এক-এগারো, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রেখে তিনি হাটহাজারীবাসীর আস্থা অর্জন করেছেন।”
বক্তারা আরও বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে এস এম ফজলুল হক সবসময় সাহসী ভূমিকা পালন করেছেন। আজকের বিশাল জনসমাগমই প্রমাণ করে যে হাটহাজারীর বিএনপি ও সর্বস্তরের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বক্তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি ইলিয়াছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা শহীদুল্লাহ বাবুল, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, মোঃ মীর কাশেম, আলহাজ্ব খায়রুন্নবী, মোঃ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবদুল রশীদ মেম্বার, কাজী মোঃ মোহসিন, হাজী মনসুর চৌধুরী, নুরুল আবছার আনছারী, মোঃ ইদ্রিস, নুর হোসেন মেম্বার, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, শাহ আলমসহ আরও অনেকে।
এদিকে সমাবেশে যোগ দিতে আসার পথে মীর হেলালের অনুসারী সন্ত্রাসীরা বিএনপি কর্মী–সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার পাশাপাশি পরিবহন বন্ধ করে দেওয়ায় খাগড়াছড়ি সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশ শেষে গণমিছিলটি খাগড়াছড়ি মহাসড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।###

দৈনিক চট্টগ্রামপোস্ট