ঢাকা | বঙ্গাব্দ

সমন্বিত পরিকল্পনায় আনোয়ারাকে আধুনিক জনপদে রূপ দিতে হবে - বিএনপি নেতা খোরশেদুল আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
সমন্বিত পরিকল্পনায় আনোয়ারাকে আধুনিক জনপদে রূপ দিতে হবে - বিএনপি নেতা খোরশেদুল আলম ছবির ক্যাপশন: সমন্বিত পরিকল্পনায় আনোয়ারাকে আধুনিক জনপদে রূপ দিতে হবে - বিএনপি নেতা খোরশেদুল আলম
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম বলেছেন, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ আনোয়ারার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খোরশেদুল আলম বলেন, আনোয়ারা একটি সম্ভাবনাময় উপজেলা। শিল্প, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে এ উপজেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো ও জনবান্ধব উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের অন্যতম প্রধান দাবি। স্থানীয় শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। আনোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।

খোরশেদুল আলম বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। জনপ্রতিনিধি, প্রশাসন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আনোয়ারার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত উন্নয়ন ও সবার সহযোগিতার মাধ্যমে আনোয়ারাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ডা. এস এম এহসানুল হক বাবর, মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...