নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম: সাংবাদিক, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি) ও সচেতন সাংবাদিক মহলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেডিসির চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মুরাদ হোসেন বিপ্লব, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার সুমন, সাজু তালুকদার, জামাল উদ্দিন, মোহাম্মদ রফিকসহ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মানহানিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তারা মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সাইবার হয়রানি, মিথ্যা অপপ্রচার ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা, সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং অপপ্রচারমুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট