ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বন্যার্তদের পাশে প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরব: ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
চন্দনাইশে বন্যার্তদের পাশে প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরব: ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ছবির ক্যাপশন: চন্দনাইশে বন্যার্তদের পাশে প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরব: ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

সম্প্রতি চট্টগ্রামের চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি হাজারো মানুষ চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন। এমন সংকটময় মুহূর্তে বন্যার্ত মানুষের আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ‘প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরব’। সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরবের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার যেমন—চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
​উপজেলা প্রশাসনের পক্ষে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া।
পুরো ত্রাণ কার্যক্রমটি সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট আমিনুল ইসলাম চৌধুরী কায়সারের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সম্পন্ন হয়। এতে সংগঠনের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আবদুল জব্বার, হারুনুর রশিদ, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী শাহ আলম, মুরিদুল আলম মুরাদ, জাহাঙ্গীর আলম, ফজল করিম, আলমগীর, মো. হাসান, মো. জাকের এবং মো. সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "বন্যার্ত অসহায় মানুষের কষ্ট আমাদের ব্যথিত করেছে। আমরা প্রবাসে থাকলেও আমাদের প্রাণ পড়ে থাকে জন্মভূমির মানুষের মাঝে। দুর্যোগের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
​প্রবাসী চন্দনাইশ সমিতি-সৌদি আরবের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয়রা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড